উপকূলীয় জনপদকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষিত রাখতে এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা টেকসই করতে পাইকগাছা পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (সিটিসিআরপি)। ১১ কোটি টাকার বেশি ব্যয়ের এই উন্নয়নযজ্ঞ নিয়ে এখন স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও অনিয়মের অভিযোগ দানা বেঁধেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান, নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ এবং সরেজমিন পরিদর্শনে দৈর্ঘ্য ও প্রস্থে ঘাটতির তথ্য উঠে আসার পরও কাজের মান ও পরিমাপ নিয়ে অভিযোগের সুরাহা হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার, হেলে পড়া গাইডওয়াল, ড্রেনের স্লাবের ত্রুটি এবং গাছের চারা রোপণের স্থান নিয়ে বিতর্কের মাঝে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়িত সিটিসিআরপি প্রকল্পের একটি নথিতে বরাদ্দের পরিমাণ উল্লেখ রয়েছে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। তবে আরেকটি তথ্যে প্রকল্পের ব্যয় প্রায় ১১ কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে। এই প্রকল্পের আওতায় আটটি সড়কসহ পৌরসভার বিভিন্ন স্থানে কার্পেটিং, আরসিসি, ইউনি ব্লক ও ড্রেন নির্মাণের কাজ করা হয়েছে।

প্রকল্পের কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের ৩০ অক্টোবর। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণকাজের গুণগত মান এবং পরিমাপ সংক্রান্ত অভিযোগগুলোর নিষ্পত্তি হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন সড়ক ও অবকাঠামোর কাজ যথাযথভাবে তদারকি করা হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজের পরিমাপে অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মাঠপর্যায়ে প্রকল্পের কাজ নিয়ে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে দক্ষিণ গোপালপুর বাইতুল জামে মসজিদ থেকে আমিনুর রহমানের বাড়ি হয়ে টিপু মোড়লের বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৭ লাখ ১০ হাজার ৬৮৮ টাকা। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক নির্মাণে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সড়কের প্রস্থ ১০ ফুট থাকার কথা থাকলেও কোনো কোনো স্থানে তা সাড়ে ৯ ফুটের কম।

এছাড়া প্রকল্পের বিভিন্ন সড়কে বিটুমিন ও আরসিসি ঢালাইয়ের কাজেও গাফিলতির অভিযোগ রয়েছে। কোথাও কোথাও ড্রেনের স্লাব সঠিক উচ্চতায় স্থাপন করা হয়নি বলে জানিয়েছেন বাসিন্দারা। এসব কাজের গুণগত মান ও পরিমাপ নতুন করে যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।

নির্মাণের পর একটি গাইডওয়াল হেলে পড়ার ঘটনায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দা রেজাউল সানা বলেন, “এ পথ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও শিশুরা চলাচল করে। গাইডওয়ালটি হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও প্রতিকার পাওয়া যায়নি।”

প্রকল্পের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজলের নেতৃত্বে একটি দল শিববাটী ব্রিজের নিচ থেকে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র পর্যন্ত সড়কের নির্মাণকাজ পরিদর্শন করে। পরিদর্শনকালে দলটি নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহের পাশাপাশি কার্যাদেশ, বিল-ভাউচার ও পরিমাপ বই (এমবি) যাচাই করে।

সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অনুমোদিত নকশার তুলনায় ওই সড়কের দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় ৫০ ফুট ঘাটতির তথ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও তখন জানানো হয়েছিল। কিন্তু প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও নমুনা পরীক্ষার চূড়ান্ত ফলাফল কিংবা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান অগ্রগতি জানা যায়নি।

সিটিসিআরপি প্রকল্পের আওতায় কার্পেটিং সড়কের পাশে গাছের চারা রোপণ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে পিচঢালাই সড়কের প্রান্ত থেকে মাত্র এক থেকে দুই ফুট দূরে চারা রোপণ করতে দেখা গেছে। আবার সড়কের নির্ধারিত অংশের বাইরে বিভিন্ন স্থানে গাছ লাগানোর অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুর আহমদ নিয়ম মেনে গাছ লাগানোর কথা জানান। তবে স্থান নির্ধারণে কোনো সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হবে বলেও উল্লেখ করেন তিনি। কয়েকটি ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করে তিনি দাবি করেন, এ বিষয়ে ঠিকাদারকে চিঠি দিয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং দুদকের চিহ্নিত ত্রুটিগুলোও সংশোধন করা হয়েছে।

অন্যদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মাঠপর্যায়ে কাজ করছেন প্রতিনিধি আমিনুর রহমান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দম্ভের সাথে বলেন, ‘আপনাদের যা খুশি তাই লেখেন, লেখায় আমাদের কিছু যায় আসে না।’

এদিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে প্রকল্পের অনিয়ম ও গাছ রোপণ বিষয়ে জানতে চাওয়া হলেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সব মিলিয়ে, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণের উদ্দেশ্যে নেওয়া এই বড় প্রকল্পের কাজ নির্ধারিত সময় পার হওয়ার পরও নানা প্রশ্ন ও অভিযোগে ঘেরা রয়ে গেছে। দুদকের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ, পরিমাপ ও নির্মাণমানের স্বচ্ছ যাচাই এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করা গেলে তবেই জনমনে সৃষ্ট সংশয় দূর হতে পারে।